সাতক্ষীরায় তরুণদের নেতৃত্বে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত
সাতক্ষীরা, (৯ নভেম্বর ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো—এই প্রতিপাদ্যে জেলার তরুণদের নেতৃত্বে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ নভেম্বর ২০২৬ সোমবার সকালে মেলা উপলক্ষে শহরের কামালনগর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা সিডোর আয়োজনে এবং একশন এইড বাংলাদেশ মেলায় সহযোগিতা করেছে।
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ, জেলা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
মেলায় ‘কানেক্টিং ডটস ফর সোশ্যাল কোহেশন’ বা সামাজিক সংহতির জন্য সংযোগ স্থাপনের বিষয়টি তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, শান্তি মানে শুধু সংঘাতের অনুপস্থিতি নয়, বরং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা, আলোচনার সুযোগ সৃষ্টি, বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া, বঞ্চনা ও প্রান্তিকীকরণ মোকাবিলা এবং মানুষের মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।
মেলায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত যুব নেতৃত্বাধীন বিভিন্ন ইতিবাচক সামাজিক উদ্যোগ ও সাফল্য তুলে ধরে তিনটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়।
অতিথিরা স্টলগুলো পরিদর্শন শেষে ‘সম্প্রীতির বৃক্ষ’-এ নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
এছাড়া মেলায় ছিল লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সলিডারিটি ট্রি, আন্তঃপ্রজন্মীয় খেলাধুলা, পিস অলিম্পিয়াড, সাংস্কৃতিক পরিবেশনা, জারিগান ও যুবনাট্য।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং পিস ডিক্লারেশন ঘোষণা করা হয়।
মেলার মূল আকর্ষণ ছিল তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সৃজনশীলতা ও নেতৃত্ব। এ আয়োজনের মাধ্যমে তরুণদের সম্প্রীতির দূত হিসেবে গড়ে তোলা এবং শান্তিপূর্ণ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
তারা জানান, বিভিন্ন শ্রেণি, ধর্ম ও প্রজন্মের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবে এ আয়োজন।

