পরিবেশ-প্রকৃতি-পর্যটন

দুর্গাপুরে সম্ভাবনাময় পর্যটনে গতি আনতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

নেত্রকোণা, (৯ নভেম্বর ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : জেলার সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়, বহমান নদী আর বিজয়পুরের চিনামাটি টিলার প্রাকৃতিক মেলবন্ধনকে কাজে লাগিয়ে দুর্গাপুরকে জাতীয় পর্যায়ের অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

অবকাঠামোগত উন্নয়ন, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা এবং স্থানীয়দের কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ নভেম্বর ২০২৬ সোমবার বিকেলে জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটি পর্যটন এলাকায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুধীজন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এই আলোচনার আয়োজন করা হয়। খবর বাসস।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, প্রকৃতির অপার রূপ আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় কৃষ্টি মিলিয়ে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা সুদূরপ্রসারী।

সুপরিকল্পিত বাস্তবায়ন ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পর্যটন খাতকে গতিশীল করতে পারলে এটি স্থানীয় রাজস্ব ও জীবিকার প্রধান উৎসে পরিণত হবে।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, আগত পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ পরিবেশ নিশ্চিত করা পুলিশের অগ্রাধিকার। পর্যটন কেন্দ্রিক এই অর্থনৈতিক চাকা সচল হলে এলাকা থেকে মাদক, চোরাচালানসহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।

সভায় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাম্প্রতিক বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের বিষয়টি উঠে আসে।

বিশেষ করে পর্যটন জোনে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে সরেজমিন সমীক্ষা পরিচালনার উদ্যোগকে স্বাগত জানানো হয়।

উন্মুক্ত সেশন শেষে আসন্ন শীতকালীন পর্যটন মৌসুমে বিজয়পুর এলাকায় হোটেল-মোটেলের আবাসন ব্যবস্থা, দূরপাল্লা ও স্থানীয় হালকা যানবাহনের যাতায়াত ভাড়া নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বিধানে একগুচ্ছ প্রশাসনিক সিদ্ধান্ত অনুমোদিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা নীপা বিশ্বাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিচাম, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, উপজেলা বণিক সমিতির সভাপতি রণজিৎ সেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।

সভায় স্থানীয় সাংবাদিক, সচেতন নাগরিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share

Follow us