শিক্ষা

এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণ শুরু ১৯ নভেম্বর

ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার অনলাইন ফরম পূরণ এবং টিসি ও পিসি নম্বর এন্ট্রি কার্যক্রম আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

আজ ৯ নভেম্বর ২০২৬ সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি করতে হবে। বিনা বিলম্ব ফিতে ১৯ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর এবং ৩০০ টাকা বিলম্ব ফিসহ ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। খবর বাসস।

এছাড়া ৩০০ টাকা বিলম্ব ফি ও ১ হাজার টাকা প্রতিষ্ঠান জরিমানাসহ ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে আগামী ৪ থেকে ১২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের এ পরীক্ষা দশম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণমান ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে। কেবল ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিয়মিত ফি-এর পাশাপাশি অতিরিক্ত ৫০০ টাকা ফি প্রদান করে মান উন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবে। বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অতিরিক্ত সময় (প্রতি ঘণ্টায় ১০ মিনিট) ও শ্রুতি লেখকের সুযোগ দেওয়া হবে।

অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি না থাকলে সম্ভাব্য তালিকায় নাম আসবে না এবং ফরম পূরণ করাও যাবে না।

Share

Follow us