ঢাবির পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ৩১ শিক্ষার্থীর বৃত্তি লাভ
ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে ‘বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্ট’ বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ রোববার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। খবর বাসস।
পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্ট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
তিনি বলেন, ‘শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করা সম্ভব নয়। শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে বেসরকারি অংশীদারিত্ব এবং অ্যালামনাইদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।’
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বড় আকারের ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।
পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও বক্তব্য দেন বিভাগীয় অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া, ট্রাস্টের চেয়ারম্যান সবুজ বড়ুয়া ও সহযোগী অধ্যাপক ড. নীরু বড়ুয়া।
প্রথম বর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. শামীম মিয়া, মোসা. সুমনা খাতুন, বিজয় কুমার, আজহারুল ইসলাম, জয় দাস, মিত্রা রায়, লিটন কুমার, আরিফ জাকির, রুখু খাতুন, মোছা. সুমনা খাতুন ঐশি, আব্দুল আলীম, মোছা. ফারিয়া ইসলাম রিমু, তাঞ্জুল ইসলাম স্বর্ণ, মোছা. সুরাইয়া, মোছা. খুশিকা কামরিন বাঁধন ও আসিফ আহমেদ।
দ্বিতীয় বর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সৌমিত্র বড়ুয়া দিব্য, রিয়াদুল ইসলাম জিসান, মো. মুনতাসির নাছিফ ও মোছা. মোস্তারিনা আক্তার।
তৃতীয় বর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মুহাম্মদ জুনাইদ, সাব্বির রাহমেদ মেহেদী, আশিকুর রহমান, অনিরুদ্ধ রায়, অনিক দাস, তানহা ইসলাম তুনা, মিথী রানী ও ফাহিম আস সামি।
চতুর্থ বর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- লক্ষী রানি ও রিয়াজ আহমেদ এবং মাস্টার্সের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হলেন মো. রাকিব ইসলাম।

