ক্রীড়া

তরুণ ক্রিকেটারদের বড় স্বপ্ন দেখার আহ্বান মিরাজের

ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : ঢাকা লিগে নিজের যাত্রার কথা স্মরণ করে, তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাইপর্বে অংশ নেওয়া তরুণ ক্রিকেটারদের জাতীয় দলের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ বাছাই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ২০০৯ সালে বয়স-ভিত্তিক ক্রিকেটের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরুর স্মৃতিচারণ করেন মিরাজ। খবর বাসস।

মিরাজ বলেন, ‘আমি ২০০৯ সালে ক্রিকেট খেলা শুরু করি। তখন আমি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলছিলাম। সেখান থেকেই আমার সবকিছু শুরু। আমি সিসিএস-এর হয়ে খেলেছিলাম।’

মিরাজ জানান, বাছাইপর্ব থেকে শুরু হওয়ায় ঢাকা লিগের সব স্তরেই খেলার সুযোগ হয়েছে। তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগে খেলেছেন।

তিনি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে, প্রতিটি লিগেই খেলার সুযোগ পেয়েছি।’

দীর্ঘ বিরতির পর তৃতীয় বিভাগ বাছাইপর্ব শুরু হওয়ায় খুশি মিরাজ। এই প্রতিযোগিতা পুনরায় চালু করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশংসা করেন তিনি।

মিরাজ বলেন, ‘এত দিন পর আবার বাছাইপর্ব শুরু হচ্ছে জেনে খুব ভালো লাগছে। এক সময় আমরা ভেবেছিলাম হয়তো এই প্রতিযোগিতা আর হবে না। কিন্তু এখন আবার শুরু হচ্ছে।’

বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, প্রতিন্দ্বন্দ্বিতা করা এবং অভিজ্ঞতার বিনিময়ের সুযোগের বিষয়টির ওপর গুরুত্ব দেন মিরাজ।

ঢাকা লিগ খেলার সময় বিভিন্ন অঞ্চলের ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার কথা স্মরণ করে তিনি বলেন, ‘এখন রংপুর, সিলেট, খুলনা ও বগুড়াসহ বিভিন্ন এলাকার খেলোয়াড়রাও একই ধরনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।’

মিরাজ আরও বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা আসবে, একসঙ্গে থাকবে, ম্যাচের আগে নিজেদের অভিজ্ঞতা ও খেলার কৌশল নিয়ে আলোচনা করবে। আমার বিশ্বাস, তোমরাও এমন পরিবেশের অভিজ্ঞতা লাভ করবে এবং এটি তোমাদের মধ্যে উদ্দীপনা বাড়াবে।’

এই প্রতিযোগিতা থেকে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন মিরাজ।

মিরাজ বলেন, ‘আমার বিশ্বাস, তোমাদের মধ্য থেকেই এমন অনেক খেলোয়াড় উঠে আসবে যারা বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্ব দেবে।’

Share

Follow us