মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্যানিটেশন ও অতিদরিদ্রদের জন্য ৭ হাজার ২৪৫ কোটি টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ৫০০ কোটি টাকা দেওয়া হবে।
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ রোববার পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খবর বাসস।
পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ব্যাংক-অর্থায়িত কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা সৃষ্টির জন্য ৫ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। মাঠপর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কার্যক্রমে এ অর্থায়ন করা হবে। এর মাধ্যমে স্বল্প আয়ের জনগোষ্ঠীর দক্ষতা ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

