ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার বিরুদ্ধে রাজপথে থাকবে যুবদল
ঢাকা,ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : পরিকল্পিত ষড়যন্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় যুবদল রাজপথে থাকবে বলে জানিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে যুবদল কাজ করছে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসস।
যুবদল সভাপতি বলেন, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে, তার ভিত্তিতে বিএনপি বিজয় অর্জন করেছে। নির্বাচনে দেশের মানুষ বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে ম্যান্ডেট দিয়েছে।
তিনি বলেন, বর্তমানে তারেক রহমান জনগণের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। জনগণের জন্য কাজ করার পাশাপাশি দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যেও কাজ করছে সরকার।
মোনায়েম মুন্না বলেন, বিএনপি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। বর্তমান সরকার জনগণের জন্য কাজ করছে এবং যুবদল সেই লক্ষ্যকে ধারণ করে রাজপথে রয়েছে।
তিনি বলেন, বিভিন্ন সময়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জাতীয় সম্পদের ক্ষতি হলে সরকারকে আইনি কাঠামোর মধ্যে থেকে কঠোরভাবে তা প্রয়োগ করতে হবে।
যুবদল সভাপতি বলেন, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার জন্য সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, জনগণের অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ১৭ বছর ধরে যুবদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। ক্ষমতা অর্জন তাদের লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া।
নুরুল ইসলাম নয়ন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রতিটি থানা ও ইউনিটের নেতাকর্মীদের যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতারা দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সংগঠনের ভূমিকা তুলে ধরেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে নেতাকর্মীরা নয়াপল্টন থেকে একটি মিছিল বের করেন। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

