সারাদেশ

ময়মনসিংহের দুই উপজেলায় ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন

ময়মনসিংহ, (২২ সেপ্টেম্বর ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলায় ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনি। এ সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানান।

আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার দুপুরে ও বিকেলে পৃথক আয়োজনে নবনির্মিত এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের এই এমপি। খবর বাসস।

উন্নয়ন কাজগুলো হলো- তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্থর, ডোহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ফুলপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর।

এছাড়াও তিনি তারাকান্দা উপজেলা প্রশাসনের অর্থায়নে নবনির্মিত মিনি লাইব্রেরি উদ্বোধন করে পুষ্পকানন পরিদর্শন করেন এমপি নিলোফার চৌধুরী মনি। পরবর্তীতে ফুলপুর উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা, ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের সভাপতি রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share

Follow us