আর্ন্তজাতিক

হরমুজ প্রণালি দ্রুত খুলে না দিলে ইরানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ঢাকা, (৫ আগস্ট, ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে না দিলে ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এদিকে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এ বিষয়ে অন্তর্র্বতী একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান।

ক্যালিফোর্নিয়া সফরকালে ট্রাম্প বলেন, ‘প্রণালিটি খুব শিগগিরই খুলে যাবে, নইলে তারা খুব কঠোর আঘাতের মুখে পড়বে-আর তারপরও প্রণালিটি খুলে যাবে।”

বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমাদের আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে।’ তিনি দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়ে যে সংঘাতের সূচনা করে, তা শেষ করার পথ খুঁজতে ইরান আগ্রহী।

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকর পদক্ষেপ। তারা একটি চুক্তি করতে চায়। দেখা যাক কী হয়।’

তিনি আরও বলেন, ‘আমার হাতে যথেষ্ট সময় আছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আঞ্চলিক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের জন্য ৬০ দিনের একটি অন্তর্র্বতী ব্যবস্থা কার্যকর করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ চুক্তিতে কোনো ধরনের টোল বা পথ ব্যবহারের ফি থাকবে না এবং প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়ানো যেতে পারে।

চুক্তি অনুযায়ী, উপসাগরমুখী সব জাহাজ উত্তর দিকের নৌপথ ব্যবহার করবে। আর ওমানের আঞ্চলিক জলসীমার দক্ষিণ দিকের নৌপথ দিয়ে উপসাগর থেকে বেরিয়ে আসা জাহাজ চলাচল করবে।

Share

Follow us