ঠাকুরগাঁওয়ে ১৪ উদ্যোক্তার হাতে ১১ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর
ঠাকুরগাঁও, (৩০ জুলাই ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : টেকসই ক্ষুদ্র উদ্যোগ এবং পরিবেশবান্ধব রূপান্তর প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে আজ ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের ইএসডিও প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ১৪ জন উদ্যোক্তার হাতে মোট ১১ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। খবর বাসস।
সোলার ইরিগেশন সিস্টেম ও হ্যামার মেশিন ক্রয়ের জন্য এ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধান উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সোলার ইরিগেশন ও আধুনিক হ্যামার মেশিনের ব্যবহার উদ্যোক্তাদের আরও স্বাবলম্বী করার পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক রূপান্তর এবং সবুজ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।
অনুষ্ঠানে ইএসডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক শ্বাশ্বত জামান, ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাইস মিল সাব-সেক্টরের সুবিধাভোগী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে ইএসডিও’র এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

