ক্রীড়া

আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

ঢাকা, (৩০ জুলাই ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিযয়ে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে ফিফা।

বুধবার ফিফা জানায়, নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও দলের কর্মকর্তারা স্পেনের খেলোয়াড়দের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জড়িয়ে পড়েন।

ঘটনায় আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাডা, লিয়ান্দ্রো পারেদেস এবং দলের কর্মকর্তা রবার্তো আয়ালা জড়িত ছিলেন। স্পেনের পাবলো মার্তিন পাইয়েজ গাভিরাও ওই ঘটনায় সম্পৃক্ত ছিলেন।

এই পাঁচজনের বিরুদ্ধে হামলা থেকে শুরু করে অখেলোয়াড়সুলভ আচরণ পর্যন্ত বিভিন্ন অভিযোগে শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম শুরু করা হয়েছে।

এছাড়া ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রদর্শিত একটি ব্যানার নিয়েও তদন্ত করবে ফিফা। ব্যানারটিতে লেখা ছিল ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’।

ফিফা জানায়, এই তদন্তে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির বিধিমালার সম্ভাব্য লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এর মধ্যে রযয়েছে- ক্রীড়া ইভেন্টকে অ-ক্রীড়াসংক্রান্ত বার্তা বা বিক্ষোভের জন্য ব্যবহার, দলের অসদাচরণ, বৈষম্য ও বর্ণবাদী আচরণ, এবং ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিধি লঙ্ঘন।

ফিফার ভাষ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের একাধিক ম্যাচে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, নির্ধারিত সময়ের পরে ম্যাচ শুরু, ম্যাচ ও নিরাপত্তা প্রটোকল অনুসরণে ব্যর্থতা, দল ও দর্শকদের পক্ষ থেকে অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং দর্শকদের বস্তু নিক্ষেপের ঘটনাগুলোর প্রেক্ষিতেও তদন্ত পরিচালিত হবে।

Share

Follow us