স্বাস্থ্য

ঠোঁট-তালুকাটা শিশুদের ফ্রি চিকিৎসায় অস্ত্রোপচার কর্মসূচি শুরু

ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : দেশে প্রতিবছর প্রায় ৫ হাজার শিশু জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যার সম্মুখীন হয়। এসব শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ আজ ১৮ জুলাই, ২০২৬ শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন। খবর বাসস।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ বলেন, বিশ্বব্যাপী প্রতি ৫০০ থেকে ৬০০ নবজাতকের মধ্যে একজন ঠোঁট বা তালুকাটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ হাজার শিশু এই জন্মগত সমস্যার মুখোমুখি হয়। একটি সফল অস্ত্রোপচার শুধু একটি মুখ নয়, বরং একটি জীবন বদলে দেয়।

উদ্বোধন শেষে উপদেষ্টা জানান, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু করেছে সরকার।

এছাড়া, বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সেবা এবং হাসপাতালের সব কার্যক্রম ডিজিটালাইজড করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

জন্মগত ত্রুটি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সময়মতো অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকারের সমন্বিত উদ্যোগের কথা জানান ইসমাইল জবিউল্লাহ।

বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন শেষে সরকারি কর্মচারী হাসপাতালের কল সেন্টারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Follow us