শিল্প-সাহিত্য-সংস্কৃতি

গানের সুরে জলবায়ু পরিবর্তনের বিপদ তুলে ধরছেন ভারতের র‌্যাপাররা

ঢাকা, (২০ অক্টোবর, ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস: পানির ক্রমবর্ধমান সংকট নিয়ে গান লিখতে ভারতীয় র‌্যাপার কালিকে খুব বেশি অনুপ্রেরণা খুঁজতে হয়নি। শৈশবে প্লাস্টিকের পাত্রে করে পানি সংগ্রহের স্মৃতিই তাকে এ গান লিখতে উদ্বুদ্ধ করেছে।

কান্নাড়া ভাষায় ‘নীর কোডু’ অর্থ ‘পানি দাও’। কালির এই গানটি ‘ক্লাইমেট ইমার্জেন্সি মিক্সটেপ’ অ্যালবামের ছয়টি

গানের একটি। আয়োজকদের দাবি, জলবায়ু সংকট নিয়ে ভারতের প্রথম বহুভাষিক র‌্যাপ অ্যালবাম এটি।

বেঙ্গালুরু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২৯ বছর বয়সী কালির আসল নাম অক্ষয়। বেঙ্গালুরুতে বেড়ে ওঠা এই শিল্পী এক দশকেরও বেশি সময় ধরে গান করছেন। মার্কিন র‌্যাপার এমিনেম ও সংগীতশিল্পী অ্যাকনকে তিনি নিজের সংগীতজগতের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

শৈশবে বাড়ি থেকে প্রায় ১০ মিনিট হেঁটে একটি গণনলকূপ থেকে পানি সংগ্রহ করতে যেতেন কালি। এ মাসে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানে তিনি এএফপিকে বলেন, ‘আমরা সব সময় ভাবতাম, পানির অপচয় করা উচিত নয়।’

ভারতের প্রযুক্তি খাতের প্রধান কেন্দ্র বেঙ্গালুরুতে দীর্ঘদিন ধরেই পানির সংকট একটি বড় সমস্যা। শহরটির অনেক বাসিন্দা ভূগর্ভস্থ পানির কূপের ওপর নির্ভর করেন। গ্রীষ্মকালে এসব কূপের অনেকগুলোই শুকিয়ে যায়। অন্যদের বাইরে থেকে ট্রাকে করে আনা পানি বেশি দামে কিনতে হয়।

তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়ার ধরণে পরিবর্তনের কারণে জলবায়ু পরিবর্তন পানির সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।

‘শক্তিশালী মাধ্যম’—

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তৃতীয় বৃহত্তম দেশ ভারত চরম আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে। দেশটির কোনো কোনো অঞ্চলে খরা দেখা দিয়েছে। আবার অন্য অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে প্রাণঘাতী বন্যা ও ভূমিধস হয়েছে।

অ্যালবামটির সহযোগী প্রতিষ্ঠানগুলোর একটি আসার সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাডভাইজার্সের ব্রিকেশ সিং বলেন, জলবায়ু সংকটের চ্যালেঞ্জ তুলে ধরতে সংগীত কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘জলবায়ু সংকটের শিকার মানুষের কাছে পৌঁছাতে চাইলে সমাজে এসব ঘটনা তুলে ধরার ধরন বদলাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মনে হয়েছে, সংগীত অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম।’

র‌্যাপার অভিশাও নিজের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নিয়ে ‘ভেপ্পা মারাথাডিয়িলা’ গানটি তৈরি করেছেন। তামিল ভাষায় এর অর্থ ‘নিমগাছের নিচে’। জলবায়ু পরিবর্তন কীভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে প্রভাবিত করছে, তা উঠে এসেছে গানটিতে।

২৬ বছর বয়সী অভিশা তামিলনাড়ুর প্রথম সর্বনারী র‌্যাপ দল ‘সোল্লিসাই সিস্টাহস’-এর সদস্য। তার মনে আছে, প্রায় আট বছর বয়সে তাদের বাড়ির দোরগোড়া পর্যন্ত পানি পৌঁছে যেত। কিন্তু এর দুই বছর পরই এলাকাটি পানিশূন্য হয়ে পড়ে বলে জানান তিনি।

অভিশা বলেন, তার সম্প্রদায়ের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে এখনো ‘ব্যাপকভাবে আলোচনা হয় না’।

তাই শুধু কথার মাধ্যমে বোঝানোর চেয়ে তার গান মানুষের কাছে আরও জোরালোভাবে পৌঁছাবে বলে আশা করেন তিনি। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের হুমকি সম্পর্কে মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরি হবে বলে তার বিশ্বাস।

কালি আরও বেশি শিল্পীকে গাড়ি ও মোটরসাইকেলের মতো বিষয় নিয়ে গান লেখার গণ্ডি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এসব বিষয়কে তিনি ‘একঘেয়ে’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘তাদের এমন বিষয় নিয়ে কথা বলা উচিত, যা সত্যিই গুরুত্বপূর্ণ। আর জলবায়ু পরিবর্তন তেমনি কোনো বিষয়।’

Share

Follow us