সারাদেশ

প্রশাসনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

 সিরাজগঞ্জ, (১৮ জুলাই, ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : অপরাধী কোনো রাজনৈতিক দলের বা কার লোকÑসেটি বিবেচনা না করে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কোনো অপরাধীর রাজনৈতিক আশ্রয় পাওয়ার সুযোগ নেই।

আজ ১৮ জুলাই, ২০২৬ শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি শাহজাদপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেন্ডিং মেশিন ও শিক্ষার্থীদের মধ্যে হাইজিন কর্নার উদ্বোধন ক্রীড়া সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নেন। খবর বাসস।

সকালে মণিরামপুর বাজার সংলগ্ন ছোট ব্রিজ থেকে লালপুর পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন এবং দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘অপরাধ সবার জন্যই অপরাধ। সে কোন দল করলো, সে কার লোকÑআইন প্রয়োগের ক্ষেত্রে এটা কোনো বিবেচনার বিষয় না। বেআইনি কাজ করলে আইন তাকে ধরবেই, এটা আমি আপনাদের নিশ্চিত করতে পারি।’

আওয়ামী লীগ সরকারের আমলকে দুঃশাসন উল্লেখ করে তিনি বলেন, আগের আমলে দেখেছেন অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যেত। আমরা সেটা হতে দেব না এবং গত পাঁচ মাসে আমরা তা প্রমাণ করেছি। অপরাধী যে-ই হোক, আইনে যা করার কথা, পুলিশ যেন সেটাই করে।

ত্রাণ ও সরকারি সাহায্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরা সমাজ ও গরিব মানুষের চেনে বিধায় তারা তালিকা তৈরিতে প্রশাসনকে সহযোগিতা করবে। কিন্তু বিতরণের মূল দায়িত্ব থাকবে সরকারি কর্মকর্তাদের ওপর, যাতে যার যা প্রাপ্য ও ন্যায্য অধিকার, তা যেন সুন্দরভাবে সঠিক মানুষের হাতে পৌঁছায়। কারণ এই সরকারের সব সাহায্য সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেনা।

পৌরসভার ডাস্টবিন ও ওয়াশরুম নির্মাণের উদ্বোধনকালে দেয়া বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আস্থা রেখে আমাকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করেছেন। এখন আমাকে সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা দেখতে হচ্ছে। তবে আমার নিজের এলাকা শাহজাদপুরের মূল সমস্যাগুলো আমি নির্বাচনের সময়ই চিহ্নিত করেছি। এর মধ্যে এক নম্বর অগ্রাধিকার হলো মাদকের বিস্তার রোধ করা। শাহজাদপুর শহরে মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

শাহজাদপুরের জরাজীর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,‘গত ৫-১০ বছরে যারা দায়িত্বে ছিলেন, তারা রাস্তাঘাটের ন্যূনতম রক্ষণাবেক্ষণও করেননি। আমরা ইতোমধ্যেই ছোট-বড় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাটের সংস্কার কাজ শুরু করেছি।

পরে বিকেলে শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিরতা জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় ও জামিরতা ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘প্লেনের পাইলট, আর্মি জেনারেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হওয়াÑসবকিছুই সম্ভব, শুধু নিজের মনের মধ্যে বিশ্বাস রাখবে।’

সফলতার সংজ্ঞা দিয়ে তিনি বলেন, ‘সবাইকে যে বড় কিছু হতে হবে তা নয়, তবে অত্যন্ত ভালো একজন মানুষ হওয়া, বাবা-মায়ের যতœ নেওয়া এবং সন্তানকে সুন্দর করে বড় করাটাও জীবনের বড় সার্থকতা।’

অন্যায়ের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায় দেখলে সম্ভব হলে প্রতিবাদ করবে, সম্ভব না হলে কখনো ওটাতে জড়াবে না। অন্যায়কারী কিন্তু নীরব সমর্থনে আস্তে আস্তে বড় হয়ে যায়।

তিনি জামিরতা জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে হাইজিন কর্নার উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও গাছের চারা বিতরণ করেন। জামিরতা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বই বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

পরে ‘প্রফেসর ড. এম এ মতিন স্মৃতি জেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং সোনাতনী হাই স্কুল পরিদর্শন করে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ।

Share

Follow us