ক্রীড়া

আর্জেন্টিনা দলের দুর্বলতা দেখছেন ইয়াকিন

ঢাকা, (১০ জুলাই, ২০২৬) ওপেনপ্রেস২৪ ডেস্ক/বাসস : ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ আটের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনার পারফরমেন্সে দুর্বলতা খুঁজে পেয়েছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন।

তার মতে, বিশ্বকাপের নক আউটে শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্সে দুর্বলতা বা ফাটল দেখা গেছে। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সুইসরা।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদমাধ্যমে ইয়াকিন বলেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবো। এমন সুযোগের চেয়ে আর ভালো কিছু হতে পারে না। তবে গত দুই ম্যাচে তাদের পারফরমেন্সে এটাও স্পষ্ট হয়েছে, আর্জেন্টিনা কিছুটা দুর্বল।’

শেষ ৩২-এ কেপ ভার্দেকে এবং শেষ ১৬তে মিশরকে ৩-২ গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের সাথে জিততে নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। আর মিশরের সাথে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ ১৩ মিনিটে তিন গোল করে জয়ের স্বাদ নিতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্সে দুর্বলতা দেখতে পেলেও, প্রতিপক্ষকে সমীহ করছেন ইয়াকিন। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা প্রতিপক্ষের শ্রদ্ধা অর্জন করতে পেরেছি।

কৌশলগত দিক থেকে ম্যাচটি বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে তারা। তবে তাদের চাপে ফেলার ক্ষমতা আমরা রাখি। প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো নিয়ে পরিকল্পনা সাজাবো আমরা।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে সুইজারল্যান্ড রোমাঞ্চিত বলে জানান ইয়াকিন। তিনি বলেন, ‘সুইজারল্যান্ডের মতো একটি দেশের জন্য আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল খেলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত। তাই প্রত্যাশাও অনেক বেশি। সেমিফাইনাল নিশ্চিত করার স্বপ্ন নিয়ে দল মাঠে নামবে।’

শেষ ৩২-এরএর ম্যাচে সহজেই জয় পায় সুইজারল্যান্ড। আলজেরিয়াকে ২-০ গোলে হারায় তারা। শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ৭২ বছর পর

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইসরা। কখনও বিশ্বকাপের সেমিতে খেলতে পারেনি সুইজারল্যান্ড।

বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে রেকর্ড ভালো নয় সুইজারল্যান্ডের। আগের দুই লড়াইয়ে হেরেছে তারা। ১৯৬৬ সালে ২-০ এবং ২০১৪ সালে ১-০ গোলে হারে সুইজারল্যান্ড।

সব মিলিয়ে এখন পর্যন্ত সাতবার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। এরমধ্যে পাঁচটিতে হার ও দু’টিতে ড্র করেছে সুইসরা।

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আগামী ১২ জুলাই সকাল ৭টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

Share

Follow us