ক্রীড়া

রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : ‘ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর আওতায় রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের রাজবাড়ী আঞ্চলিক পর্যায়ের খেলা আজ, ১৫ মে ২০২৬, শুক্রবার শুরু হয়েছে। খবর বাসস।

রাজবাড়ী স্টেডিয়ামে বিকেলে মুখোমুখি হয় রাজবাড়ী এবং গোপালগঞ্জ। এ ম্যাচে রাজবাড়ী জেলা ৫-০ গোলে হারায় গোপালগঞ্জকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ারী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এম আককাস ও জাতীয় ফুটবল ফেডারেশনের প্রতিনিধি মানস বোস বাবু রাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম দুলাল।

রাজবাড়ী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, স্বাগতিক রাজবাড়ী, বরগুনা, পিরোজপুর ছাড়াও ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরসহ মোট ৮টি জেলার অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলাররা প্রেিত যাগিতায় অংশ নিচ্ছে।

জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আঞ্চলিক প্রতিযোগিতায় প্রতিটি দলে ১৮ জন করে প্রতিযোগী আছে।

এই প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে রাজবাড়ীর জেলা ক্রীড়া অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নারী ফুটবলের বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের কিশোরী ফুটবলারদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে এ ধরনের আয়োজন সহায়ক হবে।

উদ্বোধনী ম্যাচ শেষে জেলা প্রশাসক রাজবাড়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন।

জেলা প্রশাসক  আফরোজা পারভীন বাসসকে বলেন, ‘রাজবাড়ীর মেয়েদের মধ্যে খেলায় আন্তরিকতা রয়েছে।’

সুন্দর পারফরমেন্সের জন্য তিনি জেলা দলকে ধন্যবাদ জানান। আগামী দিনে দলের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। জেলা পরিষদ প্রশাসককের পক্ষ থেকে দলের সবাইকে একটি করে সাইকেল উপহারের ঘোষণা দেন।

আগামীকাল মুখোমুখি রাজবাড়ী এবং বরগুনা জেলা দল।

Share

Follow us