ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু
ময়মনসিংহ, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : জেলার ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ ১৫ মে ২০২৬, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর বাসস।
মৃত ব্যক্তিরা হলেন জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামের বাসিন্দা মৃত শুক্কুর আলীর ছেলে তাইজ উদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। তারা দু’জনেই পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তাইজ উদ্দিন বাড়ির পাশে ধানের খড় শুকানোর কাজ করছিলেন। এ সময়ে ঝড়ো বাতাসে ছুটে যাওয়া বিদ্যুতিক তার ওই খড়ের নিচে পড়েছিল। একপর্যায়ে পড়ে থাকা ওই বিদ্যুতিক তারে হঠাৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তাইজ উদ্দিন। এ সময় পাশে দিয়ে যাওয়ার পথে প্রতিবেশি আরশব আলী ঘটনাটি দেখতে পেয়ে তাইজ উদ্দিনকে বাঁচাতে এগিয়ে এসে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাইজ উদ্দিন ও আরশব আলীকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, খবর পেয়ে দু’জনের মরদেহের সুরতহাল তৈরী করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

