পাকিস্তান-শ্রীলঙ্কার বড় শাস্তি
ঢাকা, (১৭ নভেম্বর ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় তাদের ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
একই ম্যাচে নির্ধারিত ওভার রেটের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে থাকায় পাকিস্তানেরও পাঁচ ডব্লিউটিসি পয়েন্ট কাটা হয়েছে।
পয়েন্ট হারানোর পর তালিকার সপ্তম স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্টের শতকরা হার ৩৩.৩৩ থেকে কমে দাঁড়িয়েছে ১৫.৪৭-এ। অন্যদিকে, ৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার নবম ও সর্বশেষ অবস্থানেই রয়েছে পাকিস্তান।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্ত অনুযায়ী, নির্ধারিত ওভার রেটের চেয়ে প্রতি এক ওভার পিছিয়ে থাকার জন্য একটি করে পয়েন্ট কাটা হয়। প্রথম টেস্টে শ্রীলঙ্কা নির্ধারিত সময়ের চেয়ে ১৫ ওভার এবং পাকিস্তান পাঁচ ওভার পিছিয়ে ছিল।
দুই দলকেই আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী জরিমানা করা হয়েছে। এই বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে দল প্রতি ওভার কম বল করলে প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। তবে সর্বোচ্চ জরিমানার পরিমাণ ম্যাচ ফির ৫০ শতাংশ।
সে অনুযায়ী, পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ২৫ শতাংশ এবং শ্রীলঙ্কার খেলোয়াড়দের সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের ডিন কস্কার এই শাস্তি দেন। মাঠের দুই আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও রড টাকার, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদির আনা অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ দিনের লড়াইয়ের পর দুই দলের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়।

