সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতকদের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি

যশোর,  (১৫ নভেম্বর ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সদস্যদের সীমান্ত এলাকায় অবস্থানের তথ্য দিলে তথ্যদাতাকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে বিজিবি।

আজ ১৫ নভেম্বর ২০২৬ রোববার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। খবর বাসস।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ দলটির পলাতক ও ফেরারি আসামি এবং অপরাধীদের অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

দুষ্কৃতকারীদের ইন্ধনে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রোধেও এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে হটলাইন নম্বর ০১৭৬৯৬০৪১১৫ তে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে।

তিনি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। রাতে নজরদারি কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট বসানোর কাজ হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, নজরদারিতে নাইট ভিশন ও থার্মাল ড্রোন ক্যামেরা, সিসি ক্যামেরাসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য বিনিময় হচ্ছে। সীমান্তে নিয়মিত মাইকিংও করা হচ্ছে।

মতবিনিময় সভায় যশোর বিজিবি’র ঊর্ধতন কর্মকর্তারা এবং যশোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share

Follow us