অর্থ-বাণিজ্য

ইআরসি নির্ধারিত দামে এলপিজি বিক্রিতে ঢাকায় ফ্রেশের ৩৯ কেন্দ্র

ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করতে ঢাকা মহানগরীতে ৩৯টি নির্ধারিত বিক্রয়কেন্দ্র চালু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।

আজ ১৫ নভেম্বর ২০২৬ রোববার রাজধানীর মিরপুর-১৫ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা। খবর বাসস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কেন্দ্র থেকে গ্রাহকরা বিইআরসি নির্ধারিত দামে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল কিনতে পারবেন। কেন্দ্রগুলোর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পাশাপাশি সেখানে বিশেষ প্রচার ব্যানার স্থাপন করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোর তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে এলপিজি বাজারে মূল্য স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের আস্থা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।

Share

Follow us