খুবিতে পরিমার্জিত পাঠ্যক্রমের ওপর ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত
খুলনা, (৪ নভেম্বর ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) পরিমার্জিত পাঠ্যক্রমের ওপর ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ নভেম্বর ২০২৬ বুধবার বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিনের উদ্যোগে খুবি’র সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খবর বাসস।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, কারিকুলাম পরিমার্জন একটি নিয়মিত প্রক্রিয়া। অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য বিএনকিউএফের গাইডলাইন অনুসরণ করে কারিকুলাম প্রণয়ন করতে হবে।
তিনি বলেন, কারিকুলামে নতুন কিছু সংযোজন করলেই হবে না, সেগুলোর যথাযথ বাস্তবাায়নও নিশ্চিত করতে হবে। পাশাপাশি টেকসই উন্নয়নে অবদান রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম প্রণয়ন করতে হবে।
এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ে মিডটার্ম পরীক্ষা চালুর লক্ষ্যে পরিকল্পনার কথা তুলে ধরেন ।
ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান ড. মো. হাসান হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন। রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. নুরুজ্জামান হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আসিফ মোহাম্মদ শাহান। স্বাগত বক্তৃতা করেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তাসনুভা ইয়াসমিন।
কর্মশালায় পাঠ্যক্রমের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন সহযোগী অধ্যাপক মো. জোবায়ের হোসাইন।
উন্মুক্ত আলোচনা পর্বে ডিসিপ্লিনের অ্যালামনাই ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ডে পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফারহানা হক ও প্রভাষক আব্দুল ইলাহ্ আল-মাহ্দী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
কর্মশালায় সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালক, ডিএস ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

