সাতক্ষীরায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা শুরু
সাতক্ষীরা, (১ অক্টোবর, ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর জেলায় আবারও শুরু হয়েছে ৩০০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা।
আজ ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ২০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত প্রমুখ। খবর বাসস।
এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আজ ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
এদিকে, এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই মেলাকে কেন্দ্র করে সমগ্র জেলাজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসহ-উদ্দীপনা। ৩০০ বছরের এই মেলা পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

