ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ হলেন ফাতেমা জোহরা
ঢাকা, (৩০ সেপ্টেম্বর ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাচ্ছেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ও সিনিয়র শিক্ষক ফাতেমা জোহরা। আগামীকাল ১ অক্টোবর থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ফাতেমা জোহরাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিচালনা নির্দেশাবলী-২০২২-এর তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদ ৩(১২) এবং তফসিল ‘ক’-এ বর্ণিত অধ্যক্ষ নিয়োগের নীতিমালার ‘খ’ অনুযায়ী ফাতেমা জোহরাকে কলেজটির অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ফাতেমা জোহরা দীর্ঘদিন ধরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উপাধ্যক্ষের দায়িত্বেও রয়েছেন।
নতুন দায়িত্ব কার্যকর হওয়ার পর তিনি কলেজটির অধ্যক্ষ হিসেবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট শাখার জারি করা আদেশে বলা হয়েছে, নির্দেশক্রমে এ নিয়োগ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

