বিশ্ব ফুসফুস দিবস কাল
ঢাকা, (২৪ সেপ্টেম্বর, ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : আগামীকাল ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস (ওয়ার্ল্ড লাং ডে) ২০২৬। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘এ লাইফটাইম অব লাং হেলথ’।
ফুসফুস ও শ্বাসতন্ত্র সংক্রান্ত অসুস্থতা বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার ফুসফুসের ক্যানসার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), যক্ষ্মা ও অ্যাজমাসহ বিভিন্ন গুরুতর ফুসফুস রোগের ঝুঁকি বাড়ায়।
‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস, ২০২৩’ অনুযায়ী দেশে মৃত্যুর শীর্ষ কারণসমূহের প্রথম ৫টির মধ্যে ২টিই ফুসফুস ও শ্বাসতন্ত্রজনিত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ধূমপানের পাশাপাশি পরোক্ষ ধূমপানও ফুসফুসের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
বাংলাদেশে বছরে প্রায় ২ লাখ মানুষ তামাক ব্যবহারজনিত বিভিন্ন রোগে মারা যায় এবং ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করে। ই-সিগারেট, ভেপিং, হিটেড টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচের মতো নতুন প্রজন্মের পণ্য আইনের বাইরে থাকায় কিশোর ও তরুণ সমাজের মধ্যে এগুলোর ব্যবহার আশঙ্কাজনকহারে বাড়ছে।
বিশ্ব ফুসফুস দিবস ২০২৬ উপলক্ষ্যে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় প্রচলিত তামাকপণ্যসহ ই-সিগারেট, ভেপিং এবং অন্যান্য নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

