কুরিয়ার সার্ভিসের কর্মচারী হত্যা : সাবেক এমপি আরজু কারাগারে
ঢাকা, ওপেনপ্রেস নিউজ ডেস্ক : জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তাকে হাজির করে পুলিশ। খবর বাসস।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে আজিজুল হক আরজুকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ অনুসারে, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়িতে জননী কুরিয়ার সার্ভিসের পাশের একটি অ্যাপার্টমেন্টের সামনে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। ওই সময় কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ তার কর্মস্থল জননী কুরিয়ার সার্ভিস থেকে বের হয়ে মিছিল দেখছিলেন।
বিকেল সাড়ে ৪টার দিকে ম্যানেজার শাহাদাত জানতে পারেন, রাজু গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। স্থানীয় লোকজন রাজুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাজুর বাবা ২০২৪ সালের ২৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

