শিল্প-সাহিত্য-সংস্কৃতি

নজরুল বর্ষ উপলক্ষে নেত্রকোণায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা, (আপডেট ১ সেপ্টেম্বর ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/ (বাসস : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে নেত্রকোণায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় জেলা শহরের পাবলিক হলে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জাতীয় কবি, জাতীয় জাগরণের কবি, সাম্যের কবি, স্বাধীনতার কবি, আত্মপরিচয়ের কবি ও আত্মঅধ্যবসায়ের কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা ইতিমধ্যে হয়েছে।

প্রধানমন্ত্রী কর্তৃক বর্ষকে ‘নজরুল বর্ষ’ ঘোষণার মূল উদ্দেশ্য তুলে ধরে তিনি জানান, জাতীয় জীবনের সকল স্তরে কবি নজরুলকে সম্পৃক্ত করাই এর লক্ষ্য। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের নিয়ে যে ভবিষ্যৎ বাংলাদেশ গঠিত হবে, তাদের সাথে নজরুলের আত্মিক পরিচয় ঘটিয়ে দেয়া এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, আগামী বাংলাদেশের মূল রূপকার হলো আজকের তরুণ শিক্ষার্থী ও নতুন প্রজন্ম। তাই স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজরুলকে নতুনভাবে পাঠ করা প্রয়োজন। কারণ ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থানসহ সকল সামাজিক ও জাতীয় জাগরণে এবং মহান মুক্তিযুদ্ধে কবি নজরুলের রচনা আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে।

প্রধান অতিথি আশা প্রকাশ করে বলেন, নতুন প্রজন্ম কবি নজরুলকে হৃদয় ও মননে আত্মস্থ করে এক মানবিক, সাম্য, স্বাধীনতা ও মূল্যবোধভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মো. নুরুজ্জামান এবং জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা ও এস এম মনিরুজ্জামান দুদু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আব্দুর রহীম রুহি, জাসাসের জেলা শাখার আহ্বায়ক সাদমান চৌধুরী পাপ্পু এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সজীব সরকার রতন।

আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share

Follow us