খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যাকাণ্ডে একজন গ্রেফতার
খুলনা, (১৮ জুলাই, ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : মহানগরীর বসুপাড়া বাঁশতলার নিজ বাসায় স্কুলছাত্রী নির্জনা হত্যাকাণ্ডে অভিযুক্ত আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
আজ ১৮ জুলাই, ২০২৬ শনিবার দুপুর ৩টার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের আব্দুল কুদ্দুসের চায়ের দোকান থেকে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি এবং সদর থানা পুলিশের যৌথ আভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই রাতে আরফানা হোসেন নির্জনাকে (১৬) হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়।
খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই (নিঃ) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে নিহত নির্জনার মা সীমা ঘটনার বিস্তারিত উল্লেখ করে খুলনার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আকাশ ঘটনার পর থেকে পলাতক ছিল।
বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বাসসকে বলেন, র্যাবের সঙ্গে যৌথ অভিযানে নির্জনা হত্যার মূল অভিযুক্ত তার বাবা আকাশকে গ্রেফতার করা হয়।
বিকেলে তাকে থানায় আনা হয়েছে। আগামীকাল রোববার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন।

