ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন বিষয়ে বিসিসিসিআইর সেমিনার
ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : ব্যবসা, শিল্প ও বাণিজ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইন : ব্যবসা, শিল্প ও বাণিজ্যের রূপান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জুলাই, ২০২৬ শনিবার রাজধানীর গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে ব্যবসা, শিল্প, ব্যাংকিং, বাণিজ্য, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনা (লজিস্টিকস) খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ব্লকচেইন প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। খবর বাসস।
উদ্বোধনী বক্তব্যে বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, এ ধরনের আয়োজন চেম্বারের সদস্যদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে সহায়ক হবে। পাশাপাশি ব্যবসায় উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে (সম্মান) ডিগ্রিধারী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খন্দকার আতিক-ই-রাব্বানী। তিনি ব্যবসা, শিল্প ও বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির বর্তমান ব্যবহার, বৈশ্বিক প্রবণতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।
প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ব্যাংকিং, বাণিজ্য, সরবরাহ ব্যবস্থাপনা, কর্মসংস্থান এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। তারা ব্যবসা ও শিল্পে প্রযুক্তির কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির বিস্তৃত প্রয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন।
সেমিনারে বিসিসিসিআই সেক্রেটারি জেনারেল, পরিচালনা পর্ষদের সদস্য, চেম্বারের সদস্য, ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি)-এর প্রতিনিধিরা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে বিসিসিসিআই জানায়, ভবিষ্যতেও উদীয়মান প্রযুক্তি বিষয়ে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখা হবে। পাশাপাশি বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।

