মার্জিন বিধিমালা, ২০২৫-এর সংশোধনী এখনো চূড়ান্ত হয়নি: বিএসইসি
ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধনী এখনো চূড়ান্ত হয়নি। জনমত যাচাইয়ের জন্য খসড়া প্রকাশের আগেই এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও অবাস্তব তথ্য বিনিয়োগকারীদের মধ্যে অযাচিত বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
আজ ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, সম্প্রতি বিএসইসির ১০২০তম কমিশন সভায় মার্জিন বিধিমালার সংশোধন প্রস্তাবের (খসড়া) অনুমোদন দেওয়া হয়েছে। তবে অনুমোদিত খসড়াটি এখনো জনমতের জন্য প্রকাশ করা হয়নি। খবর বাসস।
বিএসইসি জানায়, সংশোধনের মূল উদ্দেশ্য হলো বিদ্যমান বিধিমালা বাস্তবায়নের সময় উদ্ভূত ব্যবহারিক জটিলতা দূর করা, বিধিমালাকে আরও সহজ, কার্যকর ও বাস্তবসম্মত করা এবং বাজার-সংশ্লিষ্ট অংশীজনদের জন্য এর প্রয়োগ আরও সুবিধাজনক করে তোলা।
সংস্থাটি আরও জানায়, সংশোধনী প্রস্তাব প্রণয়নের ক্ষেত্রে মার্জিন সুবিধা ব্যবহারকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, বাজার মধ্যস্থতাকারী এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। কমিশনের লক্ষ্য একটি কার্যকর, বাস্তবমুখী এবং বিনিয়োগকারী-সহায়ক মার্জিন ব্যবস্থাপনা কাঠামো প্রতিষ্ঠা করা।
বিএসইসি জানায়, কমিশন সভায় অনুমোদিত খসড়া বিধিমালাটি শিগগিরই জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হবে। অংশীজন ও সাধারণ জনগণের মতামত গ্রহণের পর প্রয়োজনীয় পর্যালোচনা শেষে সংশোধনী চূড়ান্ত করা হবে।
এ প্রেক্ষাপটে জনমত যাচাইয়ের আগেই অনুমাননির্ভর বা আংশিক তথ্য প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।
বিএসইসি বলেছে, প্রকৃত খসড়া প্রকাশের পর বিধিমালার উদ্দেশ্য, পরিধি ও সংশোধনের যৌক্তিকতা সম্পর্কে সবার সুস্পষ্ট ধারণা তৈরি হবে। একই সঙ্গে কমিশন পুনর্ব্যক্ত করেছে, বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই তারা কাজ করছে এবং মার্জিন বিধিমালার সংশোধন সেই নীতিরই ধারাবাহিকতা।

