উপবৃত্তির ওটিপি ও পাসওয়ার্ড নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের
ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের পরিচয় দিয়ে উপবৃত্তির ওটিপি ও পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতারকচক্রের বিরুদ্ধে।
এ ধরনের প্রতারণা এড়াতে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি কার্যালয় থেকে জারিকৃত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের ভুয়া পরিচয় দিয়ে প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে ওটিপি ও পাসওয়ার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের সন্দেহভাজন ফোনের বিপরীতে কোনো ধরনের তথ্য বা ওটিপি প্রদান করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনো উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে কোনো ধরনের ওটিপি বা পাসওয়ার্ড জানতে চেয়ে যোগাযোগ করেন না।
বিজ্ঞপ্তিতে কোনো প্রকার ওটিপি, পাসওয়ার্ড এবং উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য অন্য কারো কাছে হস্তান্তর না করার জন্য সকল উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। খবর বাসস।

