সংসদ নির্বাচনের আগে ও পরে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সাইবার ইউনিট নজরদারি করবে : সিআইডি প্রধান
ঢাকা, ওপেনপ্রেস২৪ ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগের প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ বলেছেন, নির্বাচনের আগে ও পরে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সিআইডির সাইবার ইউনিট সর্বোচ্চ দৃষ্টি রাখবে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সিআইডি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিআইডির মোট জনবলের ৯০ শতাংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে।
আজ ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তরে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসস।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সভায় আমন্ত্রিত অতিথিরা ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায় কৃতিত্বপূর্ণ কাজের জন্য সিআইডির উপ-পুলিশ পরিদর্শক থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

