জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন সাত দিনের রিমান্ডে
ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে আবদুল মোতালিব (১৪) নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। খবর বাসস।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, জুলাই আন্দোলনকালে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। আন্দোলন চলাকালে তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়। এতে মারা যায় সে।
ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।

