প্রধান সংবাদ

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার বাংলাদেশে মনোনীত ঘানার অনাবাসিক হাই কমিশনার, গিনি, এস্তেনিয়া এবং স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতগণ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসস।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং আইসিটি সেবার আমদানি বাড়ানোর জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে মানসম্মত তৈরি পোশাক, ওষুধ উৎপাদন ও রপ্তানি করে।

তিনি সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।

প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি গিনি ও ঘানাকে বাংলাদেশের দক্ষ কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে বাংলাদেশের কৃষি-সংক্রান্ত অভিজ্ঞতা তাদের দেশে কাজে লাগানোর কথাও বলেছেন।

রাষ্ট্রপতি স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনকে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার কথা বলেছেন। একইসঙ্গে তিনি মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দেশটির সাথে যৌথভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

ঘানার অনাবাসিক হাই কমিশনার প্রফেসর কৌসি অবিরি-ডানসোকে রাষ্ট্রপতি কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে বলেন।

রাষ্ট্রপতি ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

গিনির অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে আগ্রহের কথা জানান।

এসময় তিনি গিনির অনুরোধে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইয়িং ও প্রিন্টিংয়ের কাজে দেশটিকে কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

রাষ্ট্রপতি এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনকে দেশটির ডিজিটাল গভর্ন্যান্সের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও আর্থিক প্রযুক্তি (ফিনটেক) খাতে দেশটির অভিজ্ঞতা ও সহায়তা গ্রহণে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান।

পাশাপাশি তিনি দেশটিকে বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি নতুন দায়িত্ব পালনে নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সাফল্য কামনা করেন। তাঁদের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share

Follow us