জাতীয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার অঙ্গীকারবদ্ধ : বাণিজ্যমন্ত্রী

জাতীয় সংসদ ভবন, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য হ্রাস, সামাজিক সুরক্ষা জোরদার, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত করার মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা এবং চাল, ডাল, ভোজ্যতেল ও পেঁয়াজসহ অত্যাবশ্যকীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ ১৫ নভেম্বর ২০২৬ রোববার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসস।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুতদারি এবং কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি ও প্রতারণার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। ঢাকার পাইকারি ও খুচরা বাজারে অধিদপ্তরের মাধ্যমে প্রতিদিন চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দুটি অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১০ হাজার ১৪৪টি অভিযানে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে চাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হচ্ছে। এ উদ্যোগ বাজারমূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।

তিনি আরও জানান, কৃষি উৎপাদনভিত্তিক পণ্যের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে আমদানিনির্ভর পণ্যের আমদানি স্বাভাবিক রাখা এবং আমদানিকারকদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হচ্ছে।

বাজারে প্রতিযোগিতাবিরোধী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রতিযোগিতা আইন, ২০১২-এর আওতায় নিয়মিত বাজার পর্যবেক্ষণ, অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যবসায়ীদের পারস্পরিক যোগসাজশ, সরবরাহ সীমিতকরণ এবং বাজার সিন্ডিকেট প্রতিরোধে কমিশন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

বাণিজ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত চালের বাজারে ২১টি, ভোজ্যতেলে ১০টি, ডিমে ১৮টি, ব্রয়লার মুরগিতে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজের বাজারে একটি মামলাসহ মোট ৬৭টি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলার মধ্যে চালের বাজারে একটি, ভোজ্যতেলে দুটি, ডিমের বাজারে তিনটি এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রে দুটি মামলাসহ মোট আটটি মামলায় আর্থিক জরিমানা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Share

Follow us