আর্ন্তজাতিক

জাপান সাগরে উত্তর কোরিয়ার অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ঢাকা, (৪ নভেম্বর ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূল থেকে বুধবার জাপান সাগরে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানায়।

পারমাণবিক অস্ত্রধারী দেশটি সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

সুরক্ষিত সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণকে কেন্দ্র করে পিয়ংইয়ং ও সিউলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এসব পরীক্ষা চালানো হচ্ছে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’ সাগরটি জাপান সাগর নামেও পরিচিত।

চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে বলা হয়, অসামরিকীকৃত অঞ্চল বা ডিএমজেডে বিস্ফোরিত স্থলমাইনগুলো উত্তর কোরিয়া এক বছরেরও বেশি আগে পুঁতে রেখেছিল।

তবে পিয়ংইয়ং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এর এক দিন আগে উত্তর কোরিয়া কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর আগে গত সপ্তাহের শেষে গুচ্ছবোমার ওয়ারহেডেরও পরীক্ষা চালিয়েছিল দেশটি।

এদিকে বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সতর্ক করে বলেছেন, পিয়ংইয়ংয়ের প্রতি ওয়াশিংটনের ‘অপরিবর্তিত শত্রুতামূলক নীতির’ জবাবে তার দেশ আরও কঠোর পদক্ষেপ নেবে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংলাপে বসার বিষয়ে অনাগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে কিম ইয়ো জংয়ের বক্তব্যে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে ডিপিআরকে’র (উত্তর কোরিয়ার সরকারি নামের সংক্ষিপ্ত রূপ) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতি বাস্তবায়নে যখন নতুন নতুন নজির সৃষ্টি হচ্ছে, তখন আমাদের পাল্টা পদক্ষেপেও নতুন নজির সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক।’

Share

Follow us