রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ জনের মনোনয়ন দাখিল

ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে কেন্দ্র থেকে নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হবে। বিএনপি যাকে ধানের শীষ প্রতীক দেবে, তার পক্ষেই তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করবেন।

এমনটাই জানালেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের পাশাপাশি তিনিও মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে জেলা বিএনপির পুরো কমিটি ও সব গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন মির্জা আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি পদ থেকে পদত্যাগ করায় শূন্য ঘোষণা করা হয় ঠাকুরগাঁও-১ আসন।

আগামী ২৯ অক্টোবর নির্বাচন কমিশন ঘোষিত এই আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিল করেছেন মির্জা আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিন।

এছাড়াও বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপি সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদও মনোনয়ন দাখিল করেছেন। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে ২ জন মনোনয়ন দাখিল করেছেন।

আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ রোববার বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি মির্জা ফয়সল আমিন। খবর বাসস।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মনোনয়ন দাখিল করেন ওবায়দুল্লাহ মাসুদ।

মনোনয়নপত্র দাখিলের পর মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা আমাকেই নির্বাচিত করবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেছেন। উপনির্বাচনে সকলের সহযোগিতা কামনা করছি। সবাই মিলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।

মনোনয়ন দাখিল করা বিএনপির আরেক প্রার্থী ওবায়দুল্লাহ মাসুদ বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে তিনজন আবেদন করেছিলাম। পরে দল থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের একজন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং অন্যজন আমি।

দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে কেন্দ্র থেকে নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হবে। বিএনপি যাকে ধানের শীষ প্রতীক দেবে, তার পক্ষেই তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করবেন।

উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমীন, জামায়াতের দেলাওয়ার হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির হোসেন মোহাম্মদ ওমর ফারুক মনোনয়ন দাখিল করেছে।

প্রসঙ্গত, এর আগে চলতি বছর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দিতা করেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, নব গঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত। আর এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এই আসনে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথ বা ভোটকক্ষে ভোট প্রদান করবেন ভোটাররা।

Share

Follow us