জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম। রোববার বাসস।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন- মো. দিনারুল আলম তুহিন (৫০), ইমান আহম্মেদ ইমন (৪৫), মোল্লা মোহাম্মদ শাহজাহান সিরাজ (৩৭), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মল্লিক (৩৯), মো. রবিউল ইসলাম (৪২), মিলন কুমার মহন্ত (৩৯), মো. কাউসার হোসেন (৫০), শ্রী অন্তর শীল (৪০), জালাল উদ্দিন মন্ডল (৫৫), আব্দুল লতিফ (৪৬), শামীম আহমেদ (৩০), আহম্মেদ আহসান হাবিব (৪৩), মো. সুজন আলী (৩২), মো. তরিকুল ইসলাম (৩৭), মো. সাইফুল্লাহ সাদেক (৪৩), নয়ন আলী (৩০), সাজিদুল ইসলাম তুহিন (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৫২), মো. আলমগীর হোসেন (৪৫), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাসিদুল হক (৪৪) ও মীর মুক্তিসুর রহমান (৫১)।
আবেদনে বলা হয়, গত শনিবার আসামিরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করলে তাদের আটক করা হয়। এ বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেনি। এ কারণে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক আদালতে পাঠানো হয়। আসামিরা কোনো ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকতে পারে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

