নিউইয়র্কের আলবানিতে প্রথম বাংলাদেশি শিল্পীর একক চিত্র প্রদর্শনী
ঢাকা, (২৪ সেপ্টেম্বর, ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানিতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চিত্রশিল্পীর একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী কাজী গোলাম কিবরিয়ার ‘ডিফারেন্ট ভিউ’ শীর্ষক এ প্রদর্শনীতে নগরজীবনের পরিবর্তন, মানুষের অনুভব এবং সময়ের অন্তর্নিহিত ভাষা উঠে এসেছে রেখা, রং ও জ্যামিতিক বিন্যাসের বৈচিত্র্যময় ব্যবহারে।
আলবানির সংলগ্ন শহর বেথেলহামের স্লিংগারল্যান্ডের ‘থিংস গ্লোবাল এক্সপেরিয়েন্সেস’ গ্যালারিতে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীটি ১৫ দিনব্যাপী চলবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আলবানিতে কোনো বাংলাদেশি চিত্রশিল্পীর এটি প্রথম একক চিত্র প্রদর্শনী। এর মাধ্যমে স্থানীয় শিল্প-সংস্কৃতির পরিমণ্ডলে বাংলাদেশি শিল্পীর সৃষ্টিশীলতার একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
কাজী গোলাম কিবরিয়ার চিত্রকর্মে নগরজীবনের প্রচলিত দৃশ্যপটের পাশাপাশি পরিবর্তনশীল নগর, মানুষের অনুভব এবং সময়ের নানা অনুষঙ্গ ভিন্ন এক দৃষ্টিভঙ্গিতে প্রতিফলিত হয়েছে। শিল্পী রেখা, রং ও জ্যামিতিক বিন্যাসের সমন্বয়ে নগরজীবনের নিজস্ব অনুভূতি ও পর্যবেক্ষণকে ক্যানভাসে তুলে ধরেছেন।
সম্প্রতি প্রদর্শনী আয়োজনের বিষয়ে শিল্পী কাজী গোলাম কিবরিয়ার সঙ্গে গ্যালারি কর্তৃপক্ষের এক অনাড়ম্বর আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় এশিয়ান আর্ট নিউইয়র্কের প্রধান ওয়ে কিন উপস্থিত ছিলেন। গ্যালারি উদ্যোক্তা এ সময় শিল্পী কিবরিয়ার শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন।
প্রদর্শনী প্রসঙ্গে শিল্পী কাজী গোলাম কিবরিয়া বলেন, ‘বাংলাদেশ থেকে প্রায় ৭ হাজার মাইল দূরে এখানে আমার একক প্রদর্শনী হবে, এটা আমি ভাবতে পারি না। সবাইকে ধন্যবাদ জানাই।’
নিজের শিল্পভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘আকাশে মেঘ দেখলে আমার মনে হয় ওটা দুইটা চোখ, একটা হাসি। এটা আমার মাকে বললে মা বুঝতেন না, কিন্তু আমার বাবা বুঝতেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী, শিল্পানুরাগী ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশি শিল্পী কিবরিয়ার এই প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা তাঁর চোখে বাংলাদেশ ও নগরজীবনকে দেখার সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশি কমিউনিটির একজন প্রতিনিধি বলেন, ‘আমাদের এই একজন শিল্পী, আমাদের এই বন্ধু, আমাদের এই ভাই এমন একটা জিনিস উপস্থাপন করছেন, যার মাধ্যমে উনি বাংলাদেশকে যেভাবে দেখছেন, ঠিক সেইভাবে এখানে যারা দর্শক আছেন, তাদেরকেও দেখাচ্ছেন।’
আলবানিতে বাংলাদেশি কোনো শিল্পীর প্রথম একক চিত্র প্রদর্শনী হিসেবে ‘ডিফারেন্ট ভিউ’ ইতোমধ্যে স্থানীয় শিল্প-সংস্কৃতির অঙ্গনে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে।

